1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

কয়রায় তরমুজবাহী ওভারলোড ট্র্যাকে লন্ডভন্ড চটকাতলা সড়ক জনদুর্ভোগে কয়েক হাজার মানুষ ।

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

কয়রা (খুলনা)প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চটকাতলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তরমুজ মৌসুমকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে অতিরিক্ত পণ্যবাহী (ওভারলোড) ট্রাক চলাচলের ফলে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ৯ নম্বর ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকার হাজারো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চটকাতলা গ্রামের এই সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তরমুজের মৌসুমে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি ওজনের ট্রাক চলাচল করায় সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে ডেবে গেছে। কোথাও কোথাও রাস্তার দুই পাশ ধবসে চলাচলের পথ সরু হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়, যা সাধারণ পথচারী ও ছোট যানবাহনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৌসুমে অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা ট্রাকে অতিরিক্ত তরমুজ বোঝাই করে পরিবহন করছেন। গ্ৰাম্য এই সড়কগুলো ভারী ট্রাক চলাচলের উপযোগী না হওয়া সত্ত্বেও কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না।

চটকাতলা গ্রামের বাসিন্দা প্রভাষক প্রশান্ত বাবু বলেন,রাস্তাটি আগে বেশ ভালো ছিল। কিন্তু গত কয়েক দিনে শত শত ওভারলোড ট্রাক যাওয়ার পর এখন এটি হাঁটার অযোগ্য হয়ে পড়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কিংবা স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় ভ্যান, ইজিবাইক বা জরুরি সেবার অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না। ফলে কৃষিপণ্য বাজারে নিতে যেমন খরচ বাড়ছে, তেমনি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতে সময় ও ভোগান্তি দুটোই দ্বিগুণ হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে এই ওভারলোড ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি এবং ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD